ন্যূনতম ১ শতাংশ চার্জের বাধ্যবাধকতা তুলে দেওয়ার পর পর বাংলা কিউআরে মার্চেন্ট সংখ্যা বেড়ে ৩০ লাখ ছাড়িয়েছে। আর গড় লেনদেন বেড়ে গত সপ্তাহে দৈনিক ১১০ কোটি টাকার ওপরে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সবশেষ গত ১৬ থেকে ২২ আগস্ট এ ব্যবস্থায় মোট ৭৭৩ কোটি টাকা পরিশোধ হয়। দৈনিক গড় পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি ৩৮ লাখ টাকা। বাংলা কিউআর বাধ্যতামূলক হওয়ার প্রথম মাস গত জুলাইতে মোট এক হাজার ২৫০ কোটি টাকা পরিশোধ হয়। এতে দৈনিক গড় পরিশোধ দাঁড়ায় ৪০ কোটি ৩২ লাখ টাকা।
এদিকে বাংলা কিউআরে যুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে এখন ৪২টিতে উঠেছে। সারাদেশে মার্চেন্ট সংখ্যা বেড়ে হয়েছে ৩০ লাখ ৩১ হাজার ৯০৮টি। এর মধ্যে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানে রয়েছে ১৮ লাখ ৭৪ হাজার। যা মোট মার্চেন্টের ৬১ দশমিক ছয়-দুই শতাংশ।
অন্যদিকে চলতি মাসের ২১ দিনে ৬ লাখ ৬ হাজার ৭৭৫টি নতুন মার্চেন্ট যুক্ত হয়েছে। ফলে গ্রাহকের সামনে বাংলা কিউআরে অর্থ পরিশোধের সুযোগও দ্রুত বেড়েছে।