খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
একই সাথে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের সাথে জড়িত দায়ী ব্যাক্তিদের চিহ্নিত করতে ফরেনসিক অডিট চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানায় নিয়ন্ত্রণ সংস্থা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্টের এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায়, পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পাঁচ ব্যাংকের কার্যক্রম একীভূত করতে প্রযুক্তিগত কাঠামো সমন্বয়ের কাজ চলছে বলে জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, এসব উদ্যোগে ব্যাংকটিতে সুশাসন ও আর্থিক সক্ষমতা বাড়ার পাশাপাশি ঋণ আদায় বাড়বে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।