করদাতার ৭৫ লাখ টাকা আত্মসাৎ

ঢাকা কর অঞ্চল-১০-এর প্রধান সহকারী সাময়িক বরখাস্ত

করদাতার সাড়ে ৭৫ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ঢাকা কর অঞ্চল-১০-এর প্রধান সহকারী উম্মে আকলিমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রধান সহকারী উম্মে আকলিমার বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্ত এবং হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও ক্লিপ যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া সার্কেল কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে করদাতাকে ভুল তথ্য দেওয়ার অভিযোগও প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।