দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। সোনার ভরিতে সর্বোচ্চ কমেছে ৪ হাজার ৪৭৪ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় ভোক্তা পর্যায়ে দাম কমানো হয়েছে। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের ভরিতে দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের ভরিতে দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৯ আগস্ট সোনার গহনার দাম সর্বোচ্চ কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা।