স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।

কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা সম্পন্ন এনামুল হক ব্যাংকিং খাতে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড-এ তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি স্থানীয় করপোরেট, কমোডিটি ট্রেডিং ও এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে এনামুল হক বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী  কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে এই ব্যাংক আমার পেশাগত পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই পদে নিয়োগ পাওয়া আমার দীর্ঘ পথচলার স্বীকৃতির পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমার অগ্রাধিকার থাকবে আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর অনন্য সংযোগ ও সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো, ক্লায়েন্ট ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি আমাদের সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করা এবং সকলের কাছে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করা।”

সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে ২০২৫ সালের এপ্রিল থেকে তিনি ব্যাংকটির কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও নিয়োজিত ছিলেন।

ব্যাংকিংয়ের বাইরে বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নেও তাঁর অবদান রয়েছে। ২০২৩ থেকে ২০২৫ মেয়াদে তিনি এফবিসিসিআই-এর ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড বন্ড বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে এনামুল হক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।