এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ পাবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এক হাজার কোটি টাকার কম অঙ্কের ঋণখেলাপিরা এই সুযোগ পাবেন না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণ পুনঃতফসিলের সুযোগ পেতে আগ্রহীদের আবেদন করতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। আর ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে ওই সব আবেদন নিষ্পত্তি করবে।
কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার আওতায় সুবিধা নেওয়া গ্রাহকরাও নতুন আবেদন জমা দিতে পারবে।
খেলাপি ঋণ কমিয়ে কলকারখানা চালু করতে এই সুবিধা দেওয়া হচ্ছে। চলমান গ্যাস ও বিদ্যুৎ-সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর ‘খারাপ’ ঋণ বেড়ে যাওয়ায় এক হাজার কোটি টাকার বেশি খেলাপিদের বাড়তি এ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।