ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমাতে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিলেও, এখনো এর দৃশ্যমান প্রভাব পড়েনি।
বরং জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ব্যাংকিং খাতের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ডাউন পেমেন্ট যথাসময়ে দিতে না পারার কারণে নীতিগতভাবে রিশিডিউল কোনো কোনো ব্যাংকে পাস হলেও যেটা যখন কার্যকর করার পর্যায়ে যাচ্ছে– তখন গ্রাহক সম্পূর্ণ ডাউন পেমেন্ট জমা দিতে না পারার কারণে রিশিডিউল কার্যক্রমে বিলম্ব হচ্ছে। এ কারণে আমরা এখনো খেলাপি ঋণ কমিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। ’