বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে যুক্তরাজ্যের সংস্থা

যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছে। আইসিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

উল্লেখ্য, যেসব প্রকল্পে যুক্তরাজ্যের পণ্য ও সেবা ব্যবহার করা হবে, সেগুলোই পাবে এই অর্থায়ন সুবিধা। বাংলাদেশের জন্য ইউকেইএফের বর্তমানে ১০০ কোটি থেকে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সক্ষমতা রয়েছে। 

এই অর্থ পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতের প্রকল্পে ব্যবহার করা যেতে পারে। ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স গ্যারান্টি, ঋণ ও বিমাসহ বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দিয়ে থাকে। ইউকেইএফ ৬০টির বেশি স্থানীয় মুদ্রায় অর্থায়ন সুবিধা দিতে পারে।