বাজারে থাকা সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার 

বাজারে বিক্রি হওয়া সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি স্বচ্ছতা আনতে খামার থেকে বাজারে তদারকি বাড়ানো হবে। বুধবার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক জহিরুল ইসলাম।  

বেশ কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা বেড়েছে ডিমের বাজারে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। চড়া মুরগির দামও। এমন পরিস্থিতিতে ডিম ও মুরগির বাজার নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অংশ নেন এ খাতের উৎপাদক ও সংশ্লিষ্টরা।

সভায় ব্যবসায়ীরা বলেন, বর্তমানে পোল্ট্রি শিল্পের কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি গরম ও লোডশেডিংয়ে উৎপাদন ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। গত কয়েক মাসে বন্ধ হয়েছে অনেক খামার। ব্যবসায়ীদের অভিযোগ, খামারিরা লোকসান করলেও মুনাফা করছেন মধ্যস্বত্বভোগীরা।  

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম জানান, বাজার স্বাভাবিক রাখতে সরকারের সাথে উৎপাদকদেরও সহযোগিতা করতে হবে। তবে কেউ কারসাজি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। 
 
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করা হবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অপরদিকে ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ উৎপাদনের পরামর্শ দেয় ভোক্তা সংগঠন-ক্যাব।