বাস ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হলো। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ২ টাকা ৭০ পয়সা।

বৈঠকের পর জাতীয়তাবাদী শ্রমিকদলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, ভাড়া বাড়ানোর একটা নীতিমালা আছে। এবারও সবপক্ষের সাথে আলোচনা করে বিআরটিএকে সুযোগ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, সরকার নির্ধারিত রেটের আগে কিলোমিটারে ২০ পয়সা বাড়তো। মালিক সমিতিকে তিন শতাংশ ছাড়া দিতে বলেছি। তেলের দামের দামের সাথে সমন্বয় করে ১৭ পয়সা প্রতিকিলোমিটার নির্ধারণ করা হচ্ছে। ১৭ পয়সা প্রতি কিলোমিটারে বাড়ছে।

যারা বেশি বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে মালিক সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।