তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা– তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে অনলাইনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠকের পরে জ্বালানি মন্ত্রী বলেন, দেশে এলপি গ্যাসের সরবরাহের ঘাটতি না থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বেশি নেওয়া হচ্ছে। এলপিজির ঘাটতি এবং বেশী দাম নেওয়ার বিষয়ে জেলা প্রশাসকদের পাঠানোর তথ্যের ভিত্তিতে আমদানিকারকদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান মন্ত্রী।
এসময় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, আগস্টে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং চলতি মাসে ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন এলপিজি আমদানি করা হয়েছে।