যশোরে বোতলজাত সয়াবিনের সংকটে 

যশোর জেলায় হঠাৎ দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। যতটুকু মিলছে তাও বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে। সেই সুযোগে ব্যবসায়ীরা খোলা সয়াবিন তেলের দামও বাড়িয়ে দিয়েছেন কেজিতে ২৫ থেকে ৩০ টাকা করে।

‎গত সপ্তাহের পুরোটা জুড়েই যশোর জেলায় দেখা দেয় ভোজ্যতেলের সংকট। বিশেষ করে নামিদামি ব্র্যান্ডের বোতলজাত তেলের সরবরাহ ছিল খুবই কম। বিক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর কৌশল হিসেবে কোম্পানিগুলো পরিকল্পিতভাবে কমিয়েছে সরবরাহ। পাশাপাশি আছে পণ্য পরিবহনের বাড়তি খরচ।

‎‎এদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমার সুযোগ নিচ্ছেন খোলা সয়াবিন তেলের ব্যবসায়ীরা। সরকার প্রতি কেজি খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা নির্ধারণ করে দিলেও কার্যত তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২১০ থেকে ২২০ টাকা দরে।
‎
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ‘এ নিয়ে নজরদারি শুরু হয়েছে। এরই মধ্যে সতর্ক করা হয়েছে বিক্রেতাদের।’

ভোজ্যতেলের ‎মজুতদারি ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি সাধারণ ভোক্তাদের।