শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে বাজারে। তবে সরবরাহ বাড়লেও এখনও বেশ কিছু সবজি ও নিত্যপণ্যের দাম বাড়তি। ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগমও কিছুটা বেড়েছে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে গাঁজর ১৪০, শসা ১০০, বেগুন ১২০ টাক কেজিতে বিক্রি হচ্ছে। শিম মিলছে ৮০ টাকায়, যা এক মাস আগেও ছিলো দেড়শ টাকার বেশি। দেশি টমেটো ১৬০ টাকা ও ভারতীয় ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, মুলা ৬০, পটল ৫০, ঢেঁড়স ৫০ এবং ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা।
পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা হলেও নতুন আলু ১৪০ থেকে ১৫০ টাকা এবং জাম আলু দেড়শ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। বাজারে মুরগির দাম রয়েছে স্থিতিশীল রয়েছে। সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০, ব্রয়লার ১৯০ এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, ডিমের দাম কিছুটা কমে ডজন ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে।