দেশে উড়োজাহাজের জ্বালানির দাম আরেক দফা বাড়ল

এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ৬ টাকা ৩২ পয়সা বেড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম বৃহস্পতিবার রাত ১২টা থেকেই কার্যকর হবে। 

দেশি ও বিদেশি এয়ারলাইন্স পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম কমিয়ে ১ দশমিক এক ছয় ডলার নির্ধারণ করা হয়েছে। যা গত মাসে ছিল ১ দশমিক এক আট ডলার। 

নির্ধারিত দামের মধ্যে কাস্টমস ডিউটি ও ভ্যাট অন্তর্ভুক্ত। 

এর আগে, অক্টোবর মাসে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়ায়। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে চলতিবছর ফেব্রুয়ারিতে জেট ফুলেয়ের দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।