জামানতবিহীন ঋণের পরিমাণ বাড়ানো হবে: শিল্পমন্ত্রী

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন -বিসিকের জামানত ছাড়া ঋণের পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার বিসিক ভবনে ৫১১ জন উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ ঋণের মাধ্যমে নতুন ২ হাজার ৪৫০ কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করছে বিসিক।

দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিসিকের শিল্পনগরী আছে ৮৪টি। নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ২ লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। 

সোমবার ২৩২ নারী উদ্যোক্তাকে ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং ২৭৯ জন পুরুষকে ৭ কোটি ৬৩ লাখ টাকা ঋণ দেয়া হয়। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান, বিসিকের জামানত ছাড়া ঋণের পরিমাণ বাড়বে। উদ্যোক্তাদের জন্য বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। 

আগামী পাঁচ বছরে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনার কথা জানায় বিসিক।