মার্কিন ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। 

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক প্রেস সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি জানান, এতে বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলো, যেমন ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, টেকনোলজি, ডিজিটাল ট্রান্সফরমেশনসহ বহুমুখী খাতে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।

মাহদী আমিন বলেন, বিগত সরকারের দীর্ঘ সময়ে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন এর আগে বাংলাদেশে আসেনি বা এর আগে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।

নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার অত্যন্ত শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ করেছে, শ্রম আইন পাস করা হয়েছে, যার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে একদিকে বাংলাদেশের ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও সামনের দিকে এগিয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, পলাতক রাজনৈতিক অপশক্তি তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তাদের কর্মকাণ্ডের কোনো পরিবর্তন হয়নি। ফ্যাসীবাদের প্রশ্নে গণতান্ত্রিক ঐক্যই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সরকার ধৈর্য্যের সাথে এ পরিস্থিতি মোকাবিলা করছে।