ডলার বিক্রিতে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

ডলারের বাড়তি দাম নিয়ন্ত্রণ ও গ্রাহকের স্বার্থ সুরক্ষায় নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা নির্ধারিত হারের বেশি দামে বিক্রি করতে পারবে না।

ব্যাংকে নগদ ডলারের বিক্রয়মূল্য বৃদ্ধির সঙ্গে খোলাবাজারেও ডলারের দাম বাড়ছে। বর্তমানে ব্যাংকগুলো প্রতি ডলারের বিপরীতে বিলস ফর কালেকশন বা বিসি বিক্রয় হার হিসেবে ১২৫ টাকা ৫ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা দর নির্ধারণ করছে। 

তবে নগদ বিক্রির ক্ষেত্রে তারা এই হারের চেয়ে এক থেকে দেড় টাকা বেশি নিচ্ছে। 

অন্যদিকে খোলাবাজারে মানি চেঞ্জারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৮ টাকায়। তাই নগদ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকে নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ দামের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক।