লিটারে ৩ টাকা বাড়ালেও রাজধানীর বাজারগুলোতে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল মুরগি, ডিম এবং মাছের দাম।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা থেকে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বিক্রেতারা বলছেন, এখনও বাজারে আসেনি নতুন তেল।
এদিকে রাজধানীর বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। আর নতুন আলু, দেশি টমেটো এবং গাজরসহ বেশ কিছু সবজির দাম ১০০ টাকার ওপরে। এছাড়াও শিম, বেগুন, লাউ, ঢ্যাঁড়স, করলা ও কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম ৮০ থেকে ১০০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, মুলা ৫০ টাকা। প্রায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। অন্যদিকে আমিষের বাজারে মুরগি, ডিম এবং মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রি হচ্ছে আগের দামেই।
নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বাজার নজরদারি বাড়ানোর আহ্বান তাদের। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়েছে সবজির দাম।