সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেন

সপ্তাহ জুড়েই মূল্যসূচকের উত্থানে আজও ঢাকার শেয়ার বাজারে লেনদেন ছাড়িয়েছে ১৩শ কোটির ঘর। তবে, এসময় ডিএসইর প্রধান সূচক কমেছে ১৭ দশমিক তিন-তিন পয়েন্ট। এছাড়া, শেয়ারদর বেড়েছে প্রায় ৪৫ ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও কমেছে ২৯ দশমিক চার-সাত পয়েন্টের বেশি। 

বৃহস্পতিবার দিনের শুরু থেকেই নেতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক কমে প্রায় ৮ পয়েন্ট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ১৭ দশমিক তিন-তিন পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১৪ পয়েন্টে।

সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৩শ ৩৮ কোটি ৫৩ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৫৯ কোটি ৩ লাখ টাকা। 

হাতবদলে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ১৪৫টি এবং অপরিবর্তিত ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার দর। 

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন দ্বিতীয়, তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম রূপালি লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স দ্বিতীয়, তৃতীয় ইনটেক। 

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৯ দশমিক চার-সাত পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭০১ পয়েন্টে। লেনদেন ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।