রাজধানীর ৭ কলেজ নিয়ে কমিউনিটি বিশ্ববিদ্যালয় করাসহ নানা প্রস্তাব নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে অ্যাকাডেমিক কার্যক্রম চালানোর চিন্তাও রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার ৭ কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা চান আলাদা একটি বিশ্ববিদ্যালয়।
কিন্তু এসব কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষে এখন ফাইনাল পরীক্ষা চলছে। তাই দ্রুত সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা।
একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের প্রত্যাশা হবে যে এই সেশন জটটা যদি কমানো যায়। একটা রূপরেখা দিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমটা পরিচালনা করা। যত দ্রুত সম্ভব যারা দায়িত্বে আছেন তারা সবাই যাতে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন।’
কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষাজীবন যাতে ক্ষতি না হয় সেই আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় চালুর আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসন নিয়েও ভাবা হচ্ছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, ‘আমরা ইনটেক বন্ধ করে দিয়েছি। আমরা আর নতুন করে নিচ্ছি না। কিন্তু যারা অলরেডি চলে এসেছে সিস্টেমের মধ্যে, তাদের শিক্ষা ব্যবস্থাটা যেন শেষ করতে পারে, পরিপূর্ণভাবে যেন শেষ হয় এজন্য আমরা সে কথাগুলো বলছি।’
শিক্ষা গবেষকরা বলছেন, নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য আইন করতে হবে। লাগবে প্রশাসনিক ভবন। উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ দিতে হবে। এসবের জন্য যথেষ্ট সময় প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়েরও একই মত সেটা হলো এই ছাত্র ছাত্রীদের শিক্ষা জীবন যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেটা তারা সহযোগিতা দিয়ে যাবেন।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বেশ কয়েকটি নামের প্রস্তাবও দেওয়া হয়েছে। দ্রুত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়া হবে।
সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক এস এম ফায়েজ বলেন, ‘সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমরা যৌথভাবে কাজ করব। মন্ত্রণালয় এবং ইউজিসি একসাথে। এবং এটিই দরকার। সেক্ষেত্রে একটি ভালো সিদ্ধান্ত বেড়িয়ে আসবে।’
এই সময়ে তিতুমীর কলেজের আলাদা বিশ্ববিদ্যালয় দাবি অযৌক্তিক বলছেন বাকি ৬ কলেজের শিক্ষার্থীরা।