রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলসহ ১২টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় স্থাপনাগুলোর পুনঃনামকরণ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নামকরণ করা হয়েছে বিজয়-২৪ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নতুন নাম জুলাই-৩৬ হল, সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে প্রশাসন ভবন-এক।
এছাড়া, নাম পরিবর্তন করা হয়েছে শেখ কামাল স্টেডিয়াম, কৃষি অনুষদ ভবন, বিনোদপুর গেইটসহ বিভিন্ন স্থাপনার। ৫ আগস্টের পর থেকেই এই স্থাপনাগুলোর নাম পরিবর্তনে দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা।
গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল, শেখ কামাল স্টেডিয়াম, নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান ও শেখ হাসিনা হলেরও নামফলক ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। সেদিন তারা এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবি তোলেন।