বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন অনেক তরুণ-তরুণীর। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে একাডেমিক রেজাল্টের পাশাপাশি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইংরেজি দক্ষতা। তাই বেশিরভাগ শিক্ষার্থীদের প্রশ্ন, ‘কোন পরীক্ষা দেওয়া দরকার?’ কেউ বলে আইইএলটিএস, কেউ জিইআরই আবার কেউ টোফেল। আবার অনেকে বলেন এমওআই (মিডিয়াম অব ইন্সট্রাকশন) যথেষ্ট। কিন্তু আসলে কোনটি আপনার জন্য সঠিক, সেটাই জানা জরুরি।
আইইএলটিএস, সবচেয়ে প্রচলিত ভাষা দক্ষতা পরীক্ষা
আইইএলটিএস (IELTS) বা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম। এটি বিশ্বের প্রায় সব দেশে স্বীকৃত একটি ইংরেজি দক্ষতা প্রমাণের পরীক্ষা। এই পরীক্ষায় মূলত চারটি অংশ থাকে-লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। বিশ্ববিদ্যালয়গুলো এই পরীক্ষার মাধ্যমে জানতে চায়, শিক্ষার্থী ইংরেজিতে পড়াশোনা ও যোগাযোগে কতটা দক্ষ।
বাংলাদেশসহ ভারত, নেপাল বা শ্রীলঙ্কার শিক্ষার্থীরা সাধারণত আইইএলটিএস পরীক্ষাই বেছে নেয়। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা আয়ারল্যান্ডে পড়তে চাইলে আইইএলটিএসে ভালো স্কোর অবশ্যই প্রয়োজন। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে সাধারণত ৬.৫ থেকে ৭.৫ ব্যান্ড দরকার হয়।
টোফেল, আমেরিকায় পড়তে চাইলে
টোফেল (TOEFL) বা টেস্ট অব ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ মূলত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বেশি প্রচলিত। তবে বর্তমানে ইউরোপ, কানাডা এবং এশিয়ার অনেক দেশেও টোফেল গ্রহণ করা হয়। এটিও আইইএলটিএসের মতোই ইংরেজি দক্ষতা যাচাই করে— লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এই চার বিভাগে।
টোফেল পরীক্ষাটি অনলাইনে হয়। আর প্রশ্নগুলোর ধরন থাকে অনেকটা একাডেমিক ধাঁচের। তাই যারা যুক্তরাষ্ট্রে পড়তে চান, তাদের জন্য টোফেল স্কোর অনেক জরুরি। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে টোফেল সাধারণত ৮০-১০০ স্কোর প্রয়োজন হয়।
উচ্চতর ডিগ্রির জন্য জিইআরই
জিইআরই (GRE) বা গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন শুধু ইংরেজি দক্ষতার নয়। এটা যুক্তিবোধ, গণিত এবং বিশ্লেষণমূলক লেখার ক্ষমতা যাচাই করে। এটি মূলত যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে কাজে লাগে।
বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, বিজনেস, সায়েন্স এবং গবেষণাধর্মী বিষয়ের জন্য জিইআরই স্কোর অনেক গুরুত্ব বহন করে। ভালো রেজাল্ট করতে চাইলে নিয়মিত অনুশীলন এবং বিশ্লেষণধর্মী চিন্তার অভ্যাস থাকা দরকার।
এমওআই, ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রমাণ
এমওআই (মিডিয়াম অব ইনস্ট্রাকশন) হলো এমন একটি সার্টিফিকেট, যা আপনার পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া যায়। এই সার্টিফিকেটে উল্লেখ থাকে যে আপনার পুরো শিক্ষা ইংরেজি মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনেক ইউরোপিয়ান দেশ, বিশেষ করে ইতালি, ফিনল্যান্ড, সুইডেন বা হাঙ্গেরি, এই সার্টিফিকেট গ্রহণ করে।
অর্থাৎ, আপনি যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকেন। তাহলে আইইএলটিএস বা টোফেল ছাড়াও এমওআই সার্টিফিকেট দিয়েই আবেদন করা সম্ভব। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা কানাডার মতো দেশগুলো সাধারণত শুধুমাত্র এমওআই গ্রহণ করে না।
কোনটি বেছে নেবেন?
- আপনি যদি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে পড়তে চান তাহলে আইইএলটিএস সবচেয়ে ভালো।
- যদি যুক্তরাষ্ট্রে পড়তে চান, টোফেল বা জিইআরই (মাস্টার্সের ক্ষেত্রে) ভালো বিকল্প।
- ইউরোপীয় অনেক দেশে মাস্টাসের এমওআই গ্রহন করে।
- গবেষণামুখী বা পিএইচডি প্রোগ্রামে যেতে চাইলে, জিইআরই প্রয়োজন হয়।
বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি মানে শুধু ভালো ফল নয়। সঠিক পরিকল্পনা অনুসারে নিজেকে তৈরি করা। যে পরীক্ষাই দেন না কেন, চর্চা আর আত্মবিশ্বাস। আপনার বিদেশে পড়ার স্বপ্নকে বাস্তব করতে পারে।