বিদেশে উচ্চশিক্ষা

ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ কীভাবে পাবেন, জানেন?

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকেরই। ইউরোপের বিভিন্ন দেশে একসঙ্গে পড়াশোনা, ভ্রমণ আর নতুন অভিজ্ঞতা। সব মিলিয়ে এক অনন্য সুযোগ এনে দিয়েছে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম। এটি ইউরোপীয় ইউনিয়নের একটি বিশেষ উদ্যোগ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মাস্টার্স পর্যায়ে পড়াশোনার সুযোগ পান।

এই প্রোগ্রামের বিশেষত্ব হলো, একটি কোর্স পরিচালনা করে দুই বা তার বেশি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা একই প্রোগ্রামে ভিন্ন ভিন্ন দেশে পড়তে পারেন। যেমন, প্রথম সেমিস্টারে ফ্রান্স, পরের সেমিস্টারে জার্মানি আর শেষ সেমিস্টারে ইতালি। পড়াশোনা শেষে শিক্ষার্থী পান যৌথ বা ডাবল মাস্টার্স ডিগ্রি। যা ইউরোপসহ পুরো বিশ্বে স্বীকৃত।

স্কলারশিপেই মিলবে পুরো খরচ

ইরাসমাস মুন্ডাস শুধু পড়াশোনার সুযোগ নয়, এটি পূর্ণ স্কলারশিপও। এখানে টিউশন ফি, ভিসা, বিমা, বিমান ভাড়া, সব খরচই বহন করে স্কলারশিপ কর্তৃপক্ষ। এমনকি শিক্ষার্থীরা মাসে প্রায় ১ হাজার ২০০ ইউরো পর্যন্ত ভাতা পাবেন জীবনযাপনের খরচ হিসেবে। তাই পড়াশোনার সময় আলাদা করে কোনো আর্থিক চিন্তা থাকে না।

কখন আবেদন করবেন

প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয় পরের শিক্ষাবর্ষের জন্য। তবে প্রতিটি প্রোগ্রামের সময় ও শর্ত আলাদা হতে পারে। তাই আগ্রহীদের উচিত পছন্দের কোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানা।

প্রোগ্রামের তালিকা পাওয়া যায় কোথায়

প্রতিবছর ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ করে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ, যেখানে সব মাস্টার্স প্রোগ্রামের তালিকা থাকে। সেখান থেকে নিজের আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নেওয়া যায়, ইঞ্জিনিয়ারিং, সামাজিক বিজ্ঞান, পরিবেশবিদ্যা বা অন্য কিছু। তবে কিছু প্রোগ্রামের তহবিল শেষ হয়ে গেলে তারা স্কলারশিপ নাও দিতে পারে।

কেন পড়বেন ইরাসমাস মুন্ডাসে?

এই প্রোগ্রামে পড়লে শুধু ডিগ্রিই নয়, পাওয়া যায় আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সংস্কৃতির বৈচিত্র্য। ভিন্ন দেশে ভিন্ন শিক্ষাব্যবস্থা ও মানুষের সঙ্গে মিশে শিক্ষার্থীরা তৈরি হন আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে।

ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স এখন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ। যারা বিদেশে পড়তে চান কিন্তু অর্থের অভাবে পিছিয়ে পড়েন, তাদের জন্য এটি হতে পারে জীবনের বড় সুযোগ। তাই এখনই সময়, প্রোগ্রামের ওয়েবসাইটে ঢুকে দেখে নেওয়ার, আপনার ইউরোপ যাত্রা শুরু হতে পারে এখান থেকেই।