ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে। অনলাইনে আবেদনের এই সময়সীমা বাড়িয়ে ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেভাবে আবেদন করবেন

ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ অক্টোবর থেকে। শিক্ষার্থীরা নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রথমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রোল নম্বর, শিক্ষা বোর্ড এবং অন্যান্য প্রাথমিক তথ্য দিয়ে লগইন করতে হবে। তারপর বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। যেখানে রয়েছে প্রশ্নপত্র ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে চান), বর্তমান ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল, পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) এবং পেশা। এছাড়াও প্রযোজ্য কোটা ও যে ইউনিটে পরীক্ষা দিতে চান সেটি।

তারপর ছবি আপলোড করতে হবে। পাসওয়ার্ড ও যাচাইয়ের পর আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি ১,০৫০ টাকা। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড বা চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক শাখা থেকে ফি জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর, সকাল ১১টা-দুপুর ১২.৩০
  • বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর, সকাল ১১টা-দুপুর ১২.৩০
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর, সকাল ১১টা-দুপুর ১২.৩০
  • চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ২৯ নভেম্বর, সকাল ১১টা-দুপুর ১২.৩০
  • আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর, সকাল ১০টা-দুপুর ১২টা

পরীক্ষার কেন্দ্রসমূহ

চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

পরীক্ষার নম্বর

মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ১০০ নম্বর ভর্তি পরীক্ষার জন্য এবং ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের ওপর নির্ভর করবে।