‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ এই থিম নিয়ে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৬। দিনটিতে কাকরাইলের জাতীয় সদর দফতরে সকাল ৮টায় কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটসের অর্ন্তবর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক। স্কাউট পতাকা উত্তোলন করেন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহামুদ সোহেল।
অনুষ্ঠানের বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক বলেন, ‘সুন্দর বাংলাদেশ গড়তে স্কাউটিংয়ের বিকল্প নেই। স্কাউটিং তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক, সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে স্কাউটিং কার্যক্রম ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। ছাত্র-ছাত্রীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে স্কাউটিংয়ের মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।’
উদযাপনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ, ইউনিট লিডার এবং বিভিন্ন ইউনিটের কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটরা।
দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় স্কাউট ভবন, আঞ্চলিক স্কাউটস, জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, আলোচনা সভা, গাছ লাগানো ও পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়। এছাড়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, স্মারক গ্রন্থ প্রকাশ, ডকুমেন্টারী প্রদর্শন, বেতার ও ইলেকট্রনিক মিডিয়ায় টক শো এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ উদযাপনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলা। সেই সাথে স্কাউটিংয়ের গুরুত্ব ছড়িয়ে দেওয়া এ আয়োজনের মূল লক্ষ্য।