পরীক্ষার হলে সিসি ক্যামেরা বন্ধ থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

পরীক্ষার সময় কক্ষে সিসি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। কোনো অজুহাতে ক্যামেরা বন্ধ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার রাজশাহীতে কেন্দ্র সচিবদের সাথে মতবিনয়ম সভায় শিক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার হল পর্যবেক্ষণের পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘নকল বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে। ঘরে বসে যদি পৃথিবী দেখা যায়, তাহলে ক্লাসরুম কেন দেখা যাবে না?’  

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ফায়ার করতে পারেন। তবুও আমি কম্প্রোমাইজ করতে পারবো না।’

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার অ ন ম বজলুর রহমানসহ রাজশাহীর বিভিন্ন আসেনর সংসদ সদস্য ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।