চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়ার সুযোগ

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই। সেই স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিতে স্কলারশিপের সুযোগ দিচ্ছে চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ‘প্রেসিডেনশিয়াল স্কলারশিপ’-এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই সুযোগ উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনার সুযোগ রয়েছে। যারা বিদেশে স্বল্প খরচে বা স্কলারশিপে পড়তে চান, তাদের জন্য এটি হতে পারে ভালো একটি সুযোগ।

যেসব সুবিধা পাওয়া যাবে

স্কলারশিপের সুবিধা কোর্সভেদে কিছুটা ভিন্ন। ইংরেজি মাধ্যমে স্নাতক প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রথম বছরে প্রায় ১০ হাজার চায়নিজ ইউয়ান পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। পরবর্তী বছরগুলোতে ফলাফলের ওপর ভিত্তি করে এই সহায়তা বাড়তে বা কমতে পারে।

এ ছাড়া কিছু ক্ষেত্রে টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ মওকুফের সুযোগও থাকতে পারে। বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

কোন বিষয়ে পড়ার সুযোগ

জিয়াংসু ইউনিভার্সিটিতে নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি ও হিসাবরক্ষণ, ফাইন্যান্স ও ব্যাংকিং, ব্যবসা প্রশাসন ও মার্কেটিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, পরিসংখ্যান ও অটোমেশন এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়। অর্থাৎ বিজ্ঞান, বাণিজ্য কিংবা প্রযুক্তি সব ক্ষেত্রের শিক্ষার্থীদের জন্যই এখানে সুযোগ রয়েছে।

আবেদন করতে কী লাগবে

আবেদন করতে হলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। যেমন- বৈধ পাসপোর্টের কপি, সর্বশেষ শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ, পারিবারিক আর্থিক বিবরণ, গবেষণা প্রস্তাব (মাস্টার্স ও পিএইচডির জন্য) এবং দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডির জন্য)। সব কাগজপত্র ঠিকভাবে প্রস্তুত করে অনলাইনে আবেদন করতে হবে।

তবে প্রতিটি স্তরের জন্য আলাদা বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। যেমন, স্নাতক ২৫ বছরের কম, স্নাতকোত্তর ৩০ বছরের কম এবং পিএইচডি ৪০ বছরের কম হতে হবে।

কীভাবে আবেদন করবেন

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন করার আগে নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।

এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত।