ইংলিশ মিডিয়ামের সঙ্গে মিলিয়ে প্রাথমিকের কারিকুলাম হচ্ছে: প্রতিমন্ত্রী 

ইংরেজি মিডিয়ামের সঙ্গে মিল রেখে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলামের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার দুপুরে নরসিংদী পৌর এলাকার বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের কার্যক্রম পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কি না, প্রতিটি স্কুল থেকে সেই রিপোর্ট চাওয়া হচ্ছে। শিক্ষা কারিকুলামে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ করছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সাথে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়ন হবে।’

এ সময় মিড-ডে মিলের খাবারের মান নিয়ে অসন্তোষ জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে যেন মিড-ডে মিল সরবরাহে এসব ত্রুটি না থাকে এবং কোনো জায়গা থেকে যেন কোনো অভিযোগ না পাই। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সরকারের দেওয়া মিড-ডে মিলের মাধ্যমে কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার মতো ত্রুটি-বিচ্যুতি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।’

ববি হাজ্জাজ বলেন, ‘যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে যেমন বনরুটি, এগুলো বদলে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশনিস্টদের ডেকেছি—আরও লম্বা সময় সংরক্ষিত থাকতে পারে এমন কী খাবার আমরা শিক্ষার্থীদের দিতে পারি, যেন নষ্ট হয়ে যাওয়ার ভয়টা কমে যায়। এসব নিয়ে কাজ করছি।’