২০২৪ সালের গণ-অভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আ ক ম জামাল উদ্দিন, শিবলী রুবাইয়াত উল ইসলাম এবং নাজমুল আহসান কলিমুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা বাংলা বিভাগের আরেক শিক্ষক তাশরিক-ই-হাবিব এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়াকে শিক্ষা ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
সাময়িক বরখাস্ত হওয়া লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বিরোধিতা করার অভিযোগ ছিল।