এইচএসসির প্রশ্নে ত্রুটি নিয়ে যা বলল বোর্ড

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রের সৃজনশীল অংশের কয়েকটি প্রশ্নে ত্রুটি ও অসংগতির অভিযোগ ওঠার পর তা আমলে নিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। আজ সোমবার অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা শুরু হয়।  

এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড জানিয়েছে, প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। 

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার আশ্বাস দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসংগতি প্রমাণিত হয়, তবে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।

এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বোর্ড কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে উদ্বিগ্ন না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।