সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ ২৯ অক্টোবর থেকে পরিবর্তন করে আগামী ১ অক্টোবর ধার্য করা হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, যোগদানকৃত শিক্ষকদের আগামী ৪ অক্টোবরে পদায়ন করা হবে।
এতে বলা হয়, আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের যোগদানের নতুন তারিখ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর ৪ অক্টোবর পদায়নের পর পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।
প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের জন্য আগামী ২৯ অক্টোবর ধার্য্য করা হয়েছিল। গতকাল শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।
সভাশেষে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতাতে তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান করা হবে। ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ২৯ অক্টোবরে যোগদান করলে তাদের পদায়নের পর পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।
নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে যোগদানের এই তারিখ এগিয়ে আনা হয়েছে।