কক্সবাজারে লিডো’র ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মশালা

কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) ‘ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের’ উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, সম্প্রতি অনুষ্ঠিত এই সেশনের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী শিশুদের এমনভাবে প্রশিক্ষিত করা, যাতে তারা পরবর্তীতে নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্য শিশু এবং সহপাঠীদের মধ্যে ছড়িয়ে দিতে পারে এবং প্রশিক্ষক হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।

কর্মশালাটি পরিচালনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক মোহাম্মদ রাফিজ খান। কর্মশালায় শিশুদের প্রশিক্ষণ পরিচালনার কৌশল, কার্যকর যোগাযোগ, উপস্থাপন দক্ষতা, অংশগ্রহণমূলক শিক্ষাদান পদ্ধতি এবং অন্যকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয় বিষয়াবলি সম্পর্কে ব্যবহারিক ও বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের মোকাম্মেল মৃধা এবং দৈনিক কক্সবাজার বার্তার প্রধান আজিজ রাসেল। তারা অংশগ্রহণকারী শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংবাদিকতা, যোগাযোগ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানিয়ে উৎসাহ প্রদান করেন।

লিডো কর্তৃপক্ষ জানায়, ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের মাধ্যমে শিশুদের নেতৃত্ব, যোগাযোগ ও সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদেরকে নিজ নিজ সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তনের রূপকার হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।