এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তার সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।
ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা ছিল। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানায় মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়, যা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।