লাখো ভক্তের ভালোবাসার অশ্রুতে সিক্ত হলেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে শ্রদ্ধা জানাতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঢল নামে সর্বস্তরের মানুষের। তাঁকে বিদায় জানাতে এসে আবেগ-আপ্লুত হয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা।
জীবনের বেলা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় শিল্পীর এভাবে ফিরে আসা মেনে নিতে পারছে না এবি ভক্তরা। তাঁর এমন অভিমানী বিদায়, ভেঙে দিয়েছে কোটি ভক্তের হৃদয়।
গিটারের যাদুকর, প্রিয় বাচ্চু ভাইকে শেষবারের জন্য একনজর দেখতে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনতার ঢল। ছুটির দিনের সব কোলাহল থমকে যায় তার নিথর দেহের সামনে। শ্রদ্ধাবণত মানুষের সারি শহিদ মিনারের সীমানা ছাড়িয়ে পৌঁছায় ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত।
আশির দশকে শুরু। তারপর প্রায় তিন যুগ ধরে সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী সুর। তার অসংখ্য হৃদয়স্পর্শী গান মনের গহীনে আজীবন লালন করবেন, জানালেন ভক্তানুরাগীরা।
উপমহাদেশের সেরা গিটারিস্টদের একজন তিনি। একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। একজন কিংবদন্তি রকস্টার। যুগ যুগ ধরে মনে রাখার মতো অসংখ্য গানের স্রষ্টা তিনি।
শ্রদ্ধা জানানোর সময় শেষ হয়, কিন্তু তখনে শহীদ মিনারমুখি জনস্রোত থামেনি। এতো মানুষের বিদায় প্রার্থনা বলে দেয় প্রিয় বাচ্চু তোমার ভক্তরা তোমাকে ১২ মাসই ভালোবাসে ভালোবাসবে তুমি যতই অন্তলোকে থাকো।
/এম-আই/