বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হলো ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। দীপ্ত টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো এ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। এদিন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। তাঁকে এ গুণী সম্মাননা দিতে পেরে সম্মানিত বোধ করছে বলে জানিয়েছে চ্যানেলটি।
এছাড়া গত এক বছরে টেলিভিশনটির পর্দায় প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। যা নির্বাচনে মোট ১৩টি ক্যাটাগরিতে ভোট দিয়েছিলেন দর্শকরা। চ্যানেলটির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরি বোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে।
‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’-এর ক্যাটাগরিগুলো হলো—ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্ম: রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব (ওয়েব ফিল্ম: আইক্যান ম্যান), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন তাসনিয়া ফারিণ (ওয়েব ফিল্ম: নিকষ)।
একক নাটক: আলোচিত একক নাটক নির্বাচিত হয়েছে ভিকি জাহেদ পরিচালিত ‘কাজলের দিনরাত্রি’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোশাররফ করিম (নাটক: ভাগ্য রেখা), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন মেহজাবীন চৌধুরী (নাটক: কাজলের দিনরাত্রি)।
ধারাবাহিক নাটক: আলোচিত ধারাবাহিক নাটকে নির্বাচিত হয়েছে সাজ্জাদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়ার’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‘আ খ ম হাসান (নাটক: বকুলপুর), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন রেজমিন সেতু (নাটক: জবা)।
ডাবিং সিরিয়াল: আলোচিত ডাবিং সিরিয়াল নির্বাচিত হয়েছে তুর্কি ধারাবাহিক ‘আমাদের গল্প’। এছাড়া দীপ্ত বিশেষ অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত ওয়েব ফিল্ম ‘অপলাপ’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন মুশফিক আর ফারহান (নাটক: কলঙ্ক), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন পূজা চেরী (ওয়েব ফিল্ম: পরি)।
প্রসঙ্গত, টেলিভিশনের পর্দায় ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ প্রচার হবে আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেছেন উপমা ও রেজমিন সেতু। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সংগীতে রয়েছে রাজিব, অবন্তী সিঁথি, রেহান রাসুল, প্রতীক হাসান ও আনিকার পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য। নির্বাহী প্রযোজনায় ছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।