বড়পর্দায় অভিষেক তিন স্টারকিডের, প্রিমিয়ারে হাজির গোটা বলিউড

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আজ মুক্তি পেল জোয়া আখতার পরিচালিত সিনেমা ‌‘দ্য আর্চিস’। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেছেন খান, কাপুর আর বচ্চন পরিবারের তিন স্টার কিড। তাই তো ছবিটির প্রিমিয়ারে হাজির ছিল গোটা বলিউড! অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক, ঐশ্বরিয়া, অভিষেক, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, ববি দেওল, নিতু কাপুর, খুশি কাপুর, জাহ্নবী কাপুরসহ অনেকে। 

‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্তা নন্দা, শাহরুখকন্যা সুহানা খান ও শ্রীদেবী-বনি কাপুরের মেয়ে খুশি কাপুর।

স্টারকিডদের এ সিনেমা নেটফ্লিক্সে মুক্তির আগে তাই সেলিব্রেশন করলেন বলিউডের জনপ্রিয় তারকারা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সিনেমাটিকে কেন্দ্র করে দীর্ঘদিন পর বলিউড তারকাদের এমন চাঁদের হাট বসেছে।

বচ্চন পরিবারেরও সবাই ছিলেন প্রিমিয়ারে। ছবি: সংগৃহীত

জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ খান ও তাঁর পরিবার। এদিকে, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে বচ্চন পরিবারের সঙ্গে একফ্রেমে দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। গত কয়েক মাস ধরে বচ্চন পরিবারের সঙ্গে তেমন একটা দেখা না গেলেও এই প্রদর্শনীতে দেখা মেলে ঐশ্বরিয়া ও আরাধ্যের।

নাতি অগস্তাকে শুভকামনা জানাতে ‘দ্য আর্চিস’ প্রিমিয়ারে সপরিবারে হাজির হয়েছিলন বিগ বি অমিতাভ বচ্চনও। এ অনুষ্ঠানে বচ্চন পরিবারের সদস্যরা একসঙ্গে ছবিও তোলেন।

সিনেমাটির একটি দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

সিনেমাটির গল্প মার্কিন কমিক ‘দ্য আর্চিস’ থেকে অনুপ্রাণিত হলেও চরিত্রগুলো গড়ে তোলা হয়েছে ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে। এক কথায়, জোয়া আখতার ভারতীয়করণ ঘটিয়েছেন আর্চিস কমিকসের। ১৯৬৪ সালে ভারতের এক কাল্পনিক পাহাড়ি অঞ্চল ও রিভারডেলের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। কেন্দ্রীয় চরিত্ররা একদল অ্যাংলো-ইন্ডিয়ান স্কুলপড়ুয়া; যারা গান করে, নাচ করে, হাসি-আনন্দে সময় কাটায় নিজেদের মধ্যে। রেট্রো লুক, টাইপরাইটার, সাইকেল, মিল্কশেক, ওয়াকম্যান–সে সময়ের সব জিনিসই ফুটিয়ে তুলেছেন নির্মাতা জোয়া।

ছবিতে আর্চির ভূমিকায় অভিনয় করেছেন অগস্তা নন্দা। তার বান্ধবী ভেরোনিকা লজের ভূমিকায় রয়েছেন সুহানা। বেটি কুপারের চরিত্রে অভিনয় করেছেন খুশি কাপুর। আর্চি-বেটি-ভেরোনিকার বন্ধুত্ব আর ত্রিকোণ প্রেমের রসায়নই এই সিনেমার মূল আকর্ষণ।