বলিউডের বিখ্যাত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। সবার কাছে যা ‘ডিডিএলজে’ নামে পরিচিত। শাহরুখ ও কাজলের ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল এই ছবি। দর্শকমহলে এমনটাই বাজিমাত করেছিল, যার সুবাদে অভিনেতা ‘রোমান্স কিং’ উপাধি পেয়েছিলেন। এবার এই দুই তারকার ভক্তদের জন্য চমক, সিনেমাটির এক ঝলক শেয়ার করেছে অস্কার কর্তৃপক্ষ দ্য একাডেমি।
শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে দ্য একাডেমি তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছে। যেটি এই ছবির জনপ্রিয় ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানের অংশ। এমনকি সিনেমাটিকে ‘ক্লাসিক’ বলেও সম্বোধন করেছে অস্কার কর্তৃপক্ষ।
এতে শাহরুখ ও কাজল ভক্তরা বেশ আপ্লুত। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘একাডেমির এই পোস্ট আমাকে আবেগপ্রবণ করে দিয়েছে। এই দুজন (শাহরুখ-কাজল) বলিউডে অনেক অবদান রেখেছেন এবং আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি যেদিন তাঁরাও সম্মানিত হবেন।’ আরেকজন লিখেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ডিডিএলজে দীর্ঘদিন ধরে চলা এক চলচ্চিত্র, যা শাহরুখ খানের লিগ্যাসি।’
১৯৯৫ সালে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এটি তাঁর প্রথম পরিচালিত ছবি। প্রযোজনায় ছিলেন যশ চোপড়া। সম্প্রতি সিনেমাটি মুক্তির ২৮ বছর উদযাপন করেছে সংশ্লিষ্টরা।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রাজ ও সিমরানকে কেন্দ্র করে। ইউরোপে বেড়াতে গেলে দুজনের সাক্ষাৎ হয় এবং প্রেমে পড়ে। তবে তাদের সম্পর্কের ক্ষেত্রে সাংস্কৃতিক ও পারিবারিক বাধা রয়েছে, যা প্রেম, ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ সম্পর্কিত একটি ক্লাসিক গল্প বলে। ছবিটি তার গান, সুন্দর লোকেশন ও শাহরুখ-কাজলের অনস্ক্রিন রসায়নের জন্য আজও স্মরণীয়।