মুক্তির পর হৃতিক-দীপিকার সেই দৃশ্য কি থাকছে?

বলিউডে ২০২৪ সালের বড় ধামাকা ‘ফাইটার’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এটি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবিটির পোস্টার, গান ও ট্রেলার। কিছু সমালোচনা থাকলেও সব মিলিয়ে ভালো সাড়া ফেলেছে। এর মধ্যে এই ছবি দিয়ে আরও একবার নজর কেড়েছেন দীপিকা। গ্রিক গডখ্যাত হৃতিকের সঙ্গে আবেদনময়ী দৃশ্যে দেখা গেছে তাঁকে। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ সেসব দৃশ্যে চলেছে ভারতীয় সেন্সর বোর্ডের কাঁচি। 

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিতে চারটি সংশোধনীর নির্দেশ দিয়েছিল। প্রথমত, ধূমপান বিরোধী বিধিবদ্ধ বার্তাটি হিন্দিতে লেখা থাকতে হবে। দ্বিতীয় সংশোধনী এসেছে দু-একটি সংলাপে। যেখানে আপত্তিকর শব্দগুলো এরই মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। একটি ৫৩ মিনিট ও অন্যটি এক ঘণ্টা ১৮ মিনিটে। তৃতীয়ত, ৮ সেকেন্ডের যৌন আবেদনময়ী একটি দৃশ্য সরাতে বলাতে হয়েছিল, যেগুলো উপযুক্ত শটের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে। ছবিতে অভিনেত্রীর নিতম্বের ক্লোজআপ শট, পাশের ক্লিভেজ ও কিছু সংবেদনশীল পদক্ষেপ সরিয়ে দেওয়া হয়েছে। সবশেষে, ২৫ সেকেন্ডের একটি টিভি নিউজের ভিজ্যুয়াল কমিয়ে সেটা ২৩ সেকেন্ড করা হয়েছে।

এরপরই ‘ইশক জ্যায়সা কুচ’ শিরোনামের গানটিতে হৃতিক-দীপিকা যে উষ্ণতা ছড়িয়েছেন, সিনেমাটিতে সেটা ম্লান হয়ে গেল কি-না বলে আশঙ্কা প্রকাশ করছেন ভক্তরা।

গানের দৃশ্যে হৃতিক ও দীপিকা। ছবি: ভায়াকম১৮ স্টুডিও

প্রসঙ্গত, শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে সিবিএফসি’র এই পর্যালোচনা সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে ফাইটারের রান-টাইম ২ ঘণ্টা ৪৬ মিনিট। ইতিমধ্যে ছবিটির অগ্রিম বুকিংও শুরু হয়ে গেছে। 

স্যাকনিল্ক ডটকমের প্রতিবেদন অনুসারে, ছবিটি অগ্রিম বুকিংয়ে প্রায় ২ কোটি টাকা আয় করেছে। ৬,৪২৬টি শোয়ের জন্য ৫৯,৩৩৬টি টিকিট বিক্রি হয়েছে, যার পরিমাণ ১.৯৫ কোটি রুপি। এর মধ্যে হিন্দি টুডি সংস্করণের জন্য ৬৩.৮ লাখ টাকা মূল্যের ২৪,১৮৬টি টিকিট ও থ্রিডি সংস্করণের জন্য ১.০৫ কোটি রুপি মূল্যের ৩০,৯০৩টি টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া ছবিটি আইম্যাক্স থ্রিডি ও ফোরডি এক্স থ্রিডি ফরম্যাটেও পাওয়া যাবে।

প্রসঙ্গত, সিনেমাটিতে বিমান বাহিনীর কর্মকর্তার ভূমিকায় রয়েছেন হৃতিক ও দীপিকা। এটি নির্মিত হয়েছে ভারত-পাকিস্তান সংঘাতের ওপর ভিত্তি করে।