অনেক দিন ধরেই বলিউডে অভিনয় করছেন বিক্রান্ত ম্যাসি। তবে নিজের জন্য শক্ত অবস্থান তৈরিতে কোনো সুযোগ পাচ্ছিলেন না। একের পর এক ছবিতে ভালো অভিনয় করলেও, বক্স অফিসে পিছিয়েই পড়ছিলেন বারবার। তবে এবার ভাগ্য লক্ষ্মী সহায় হলো তাঁর। সম্প্রতি ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন বিক্রান্ত। কুড়িয়ে নিয়েছেন সমালোচকদের প্রশংসাও। সব মিলিয়ে, বলিউডের হট টপিক এখন টুয়েলভথ ফেল ও বিক্রান্ত ম্যাসি।
তবে এক সময় এই বিক্রান্তের পকেটে না ছিল টাকা, না ছিল কোনো ভালো ছবির অফার। তা সত্ত্বেও তিনি মাসিক ৩৫ লাখ রপি পারিশ্রমিকের একটি টেলিভিশন ধারাবাহিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন অভিনেতা।
বিক্রান্ত বলেন, ‘বরাবরই চলচ্চিত্রে অভিনয়কেই গুরুত্ব দিয়েছি। ছোটপর্দা সেভাবে আমাকে টানত না। আমার স্ত্রী আমাকে অডিশনের পয়সা দিত। তবে হ্য়াঁ, টেলিভিশন আমাকে রোজগার খরচ চালানোর মতো পারিশ্রমিক দিত। আমার পাখির চোখ অবশ্য ছিল সিনেমাই। সেই কারণে, মাসিক ৩৫ লাখ রুপি পারিশ্রমিকের টেলিভিশনের অফার ফেরাই। কারণ, আমি জানতাম—একবার টেলিভিশন জগতে এলে, আর সিনেমায় মন দেওয়া যাবে না।’
উল্লেখ্য, আইপিএস অফিসার হওয়ার গল্পে নির্মিত চলচ্চিত্র টুয়েলভথ ফেল। মুক্তির পর সিনেমা হলে তেমন সাড়া না পেলেও নির্মাতা বিধু বিনোদ চোপড়ার এই ছবি এখন বলিউডে আলোচনার শীর্ষে। সিনেমাটিতে মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। অন্যান্য ভূমিকায় রয়েছেন মেধা শঙ্কর, অনন্ত ভি জোশী, প্রিয়াংশু চট্টোপাধ্যায় প্রমুখ।