‘দাবাং’-খ্যাত সালমান খানকে ফের খুনের হুমকি। গুজরাতের সাবরমতি জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। পুলিশের কাছেই হুমকিবার্তাটি এসেছে।
সালমানকে বিষ্ণোই গ্যাং দুটি রাস্তা খোলা আছে বলে জানিয়েছে। একটি হল ক্ষমা চাওয়া। হুমকিতে কোনও এক বিষ্ণোই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। নতুবা ৫ কোটি রুপি দিয়ে বেঁচে থাকার বন্দোবস্ত করা।
সোমবার (৪ নভেম্বর) রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটস্অ্যাপে ফোন এই হুমকিবার্তা এসেছে বলে সূত্রের খবর। তবে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ কোটি রুপি চেয়ে হুমকি দেওয়া বছর ৩৫-এর যুবককে।
যে ফোন আসে তাতে বলা হয়, ‘লরেন্সের ভাই বলছি, সালমান খানকে যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি রুপি দিতে হবে। দু’টির কোনটিই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।’
যদিও পরে জানা গিয়েছে, এই ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল নন। ওই যুবকের নাম বিক্রম। কর্ণাটকের বাসিন্দা। পেশা অবশ্য জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই নিয়ে আসা হচ্ছে বিক্রমকে।
গত ৩০ অক্টোবর মুম্বাই ট্রাফিক পুলিশ একইভাবে সালমানকে খুনের হুমকিবার্তা পেয়েছিল। সেবার ২ কোটি রুপি চেয়ে হুমকি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। যদিও সালমান এখন মুম্বাইতে নেই। তিনি হায়দরাবাদে তাঁর পরবর্তী ছবি ‘সিকান্দর’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। একটি ভিডিওতে দেখা যায়, রাশ্মিকার সঙ্গে ফলকনুমা প্রাসাদে তিনি শুটিংয়ের কাজে আছেন তিনি।