‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। মাত্র ৪২ বছর বয়সেই চিরবিদায় নিলেন এই অভিনেত্রী ও মডেল। তবে মৃত্যু-পরবর্তী সময়ে আলোচনায় উঠে এসেছে এক পুরনো পডকাস্ট, যেখানে ২০২৪ সালেই তাঁর জন্মছক দেখে ‘অশনি সংকেত’ দিয়েছিলেন মডেল পারাস ছাবড়া। যার জ্যোতিষশাস্ত্র নিয়ে ছিল পড়াশোনাও। সেই ভিডিও এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
কী বলেছিলেন পারাস?
গত বছর পারাস ছাবড়ার একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফালি। সেখানে তাঁর জন্মছক বিশ্লেষণ করে পারাস বলেছিলেন—‘চন্দ্র ও কেতু অষ্টম ঘরে থাকাটা মারাত্মক বিপজ্জনক। এর সঙ্গে বুধ যুক্ত হলে তা বিপদের আশঙ্কা বহুগুণ বাড়িয়ে তোলে। শেফালি, আপনার জন্মছকে চন্দ্র-কেতু অষ্টম ঘরে রয়েছে—এটি আকস্মিক মৃত্যু বা জীবনে বড় ক্ষতির ইঙ্গিত দিতে পারে।’
শো চলাকালীন শেফালি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন। যদিও তিনি জ্যোতিষবিদ্যা বা ভাগ্যচক্রে বিশ্বাস করেন কি-না, তা স্পষ্ট করেননি। কিন্তু শুক্রবার (২৭ জুন) রাতে তাঁর আকস্মিক প্রয়াণ সেই পূর্বাভাসকেই যেন সত্যি করে দিল!
পুরনো ব্যথা, নতুন আলোচনায়
এই শোতেই শেফালি জানিয়েছিলেন, শৈশব থেকেই তিনি মৃগীরোগে আক্রান্ত। মাত্র ১৫ বছর বয়স থেকে এই রোগের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। শারীরিক অসুস্থতাই বারবার আঘাত করেছে তাঁর ক্যারিয়ারে। বলিউডে সম্ভাবনাময় যাত্রার সূচনা করেও তাই দীর্ঘসময় নিজের অবস্থান পোক্ত করতে পারেননি।
২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া সেই তরুণী একসময় প্রিয়াঙ্কা চোপড়া কিংবা লারা দত্তকেও টেক্কা দিতেন নিজের শরীরী আবেদন আর আত্মবিশ্বাসে। অথচ সেই ঝলমলে জীবনের পর্দার আড়ালে ছিল এক কঠিন লড়াই।
শোক ও বিস্ময় একসঙ্গে
শেফালির আকস্মিক মৃত্যুতে বলিউড অঙ্গন যেমন শোকাহত, তেমনি চমকে গেছে অনেকেই পারাস ছাবড়ার সেই ‘ভবিষ্যদ্বাণী’ দেখে। সত্যিই কি ভবিষ্যৎ লেখা থাকে জন্মছকে? প্রশ্নের উত্তর অজানাই রয়ে যায়, কিন্তু শেফালির চলে যাওয়া যেন আরও একবার বিশ্বাস না করার মতো এক বাস্তব।