ওয়ার ২: হৃতিকের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন জুনিয়র এনটিআর!

যশরাজ ফিল্মস–এর পরবর্তী মেগা প্রজেক্ট ‘ওয়ার ২’ ঘিরে ইতিমধ্যেই বলিউডপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দর্শক অপেক্ষায় রয়েছেন কবে বড়পর্দায় মুখোমুখি হবেন বলিউডের সুপারস্টার হৃতিক রোশন আর দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর।

ছবির টিজার, পোস্টার ও ট্রেলারে ঝলক দেখে স্পষ্ট—প্রচারে একেবারে পুরোদমে নেমেছে প্রযোজনা সংস্থা। আর তাতেই অনুরাগীদের আগ্রহ বেড়েছে দ্বিগুণ। বিশেষ করে কে কত পারিশ্রমিক নিচ্ছেন—এই প্রশ্নে উৎসাহী সিনেপ্রেমীরা।

ভারতের শীর্ষ এক বিনোদনমাধ্যমের দাবি, অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হওয়া ওয়ার-২’র বাজেট প্রায় ৪০০ কোটি রুপি! এই অংক পেছনে ফেলেছে ‘পাঠান’ কিংবা ‘টাইগার থ্রি’র মতো ব্লকবাস্টার ছবিকেও।

পারিশ্রমিকের দিক থেকেও ছবিটি তৈরি করেছে নতুন মাইলফলক। শোনা যাচ্ছে, জুনিয়র এনটিআর এই ছবির জন্য নিচ্ছেন প্রায় ৭০ কোটি রুপি, আর হৃতিক রোশন পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ৫০ কোটি। এখানেই শেষ নয়—ছবিতে থাকা অনিল কাপুর ও কিয়ারা পাচ্ছেন যথাক্রমে ১০ ও ১৫ কোটি রুপি।

অভিনেতাদের লুক নিয়েও শুরু হয়েছে চর্চা। বিশেষ করে হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুক ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এই লুকেই ইনস্টাগ্রামে পোস্ট করে প্রশংসা কুড়িয়েছেন প্রেমিকা সাবা আজাদ ও প্রাক্তন স্ত্রী সুজান খানের কাছ থেকেও।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল হিসেবেই আসছে ওয়ার-২। মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে—১৪ আগস্ট, ছবিটি একযোগে মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।