মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি থাকা আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু থানা এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, টাইগারকে একনজর দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ের মধ্য থেকেই তাঁর গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
হামলার পর একটি ভিডিওতে লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য পরিচয় দিয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি ঘটনার দায় দাবি করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
ওই ব্যক্তির দাবি, তাঁদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণে টাইগারকে নিশানা করা হয়েছে।
যদিও পোস্টটির সত্যতা এবং গুলির ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৪ সালে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে মামলা হয়েছিল। অনমোল, কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। পুলিশের দাবি, ওই ঘটনার পর অনমোল ফেসবুকে পোস্ট দিয়ে গুলি চালানোর বিষয়টি উল্লেখ করেছিলেন এবং হুমকিমূলক ভাষা ব্যবহার করেছিলেন।
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।