শাহরুখের সঙ্গে কারিনার ‘ড্যাডি কুল’ ড্যান্স, চলছে তুমুল আলোচনা

বলিউডের পর্দায় শাহরুখ খান ও কারিনা কাপুরের রসায়ন নতুন নয়। এর আগে ‘ডন’, ‘রা-ওয়ান’সহ একাধিক সিনেমায় এই জুটিকে দেখা গেছে। এবার সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল : কিং ভার্সন’ গানে একসঙ্গে হাজির হয়ে আবারও আলোচনায় তাঁরা। গানটি প্রকাশের পর থেকেই শাহরুখভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস।

কারিনা কাপুরের ক্যারিয়ারে অতিথি শিল্পী হিসেবে বেশ কয়েকটি সিনেমায় উপস্থিতি রয়েছে। বিভিন্ন ছবির আইটেম গানেও পারফর্ম করেছেন তিনি। তবে ‘কিং’-এর নতুন গানটি যেন তাঁর আগের সব অতিথি উপস্থিতির আলোচনাকে ছাড়িয়ে গেছে। অল্প সময়েই শ্রোতা ও দর্শকদের নজর কেড়েছে গানটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এর আগে ‘কিং’ সিনেমার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘তু মিল জায়ে’ গানটি আলোচনায় আসে। সেই রেশ কাটতে না কাটতেই প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল : কিং ভার্সন’। এতে দীর্ঘদিন পর আবারও পর্দায় একসঙ্গে দেখা গেল শাহরুখ ও কারিনাকে।

দুই তারকার এই পুনর্মিলনে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। বিশেষ করে কারিনাকে তাঁর চেনা গ্ল্যামারাস রূপে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে। গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরুখ নিজেও। কারিনাকে সঙ্গে নিয়ে ফেরার প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘বেবোর (কারিনা) সঙ্গে ফিরলাম।’

গানটির সংগীতায়োজনে ফিরিয়ে আনা হয়েছে ১৯৭৬ সালে প্রকাশিত বনি এম-এর জনপ্রিয় গান ‘ড্যাডি কুল’। মূল গানের পরিচিত সুর ও কয়েকটি পঙ্‌ক্তির সঙ্গে যুক্ত হয়েছে নতুন সংগীত ও কণ্ঠ। হিন্দি অংশে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানটির কথা লিখেছেন কুমার, সুর ও সংগীত পরিচালনা করেছেন শচিন-জিগর।

‘ড্যাডি কুল’-এ কারিনার উপস্থিতিও নজর কেড়েছে দর্শকদের। লাল রঙের ডিপ নেক গাউনে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি এবং অভিব্যক্তিতে মুগ্ধ হয়েছেন ভক্তরা। কালো পোশাকেও দেখা গেছে তাঁকে। অন্যদিকে ধূসর চুল ও কালো পোশাকে শাহরুখের নতুন লুকও প্রশংসা পাচ্ছে।

গানটি দেখে অনেকেরই মনে পড়ছে শাহরুখ-কারিনার পুরোনো কাজের কথা। কেউ স্মরণ করছেন ‘ডন’ সিনেমার ‘ইয়ে মেরা দিল’, আবার কারও মনে পড়ছে ‘রা-ওয়ান’-এর ‘ছম্মক ছল্লো’। তবে নতুন গানে এই জুটির উপস্থিতি ও পরিবেশনার ধরন দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

বনি এম-এর আশির দশকের ডিস্কো আবহ ফিরিয়ে আনা গানটি নিয়ে ইতিমধ্যে উৎসবের আমেজের কথাও বলছেন অনেকে। ভক্তদের ধারণা, বড়দিনের পার্টি থেকে শুরু করে বর্ষবরণের আয়োজনেও জায়গা করে নিতে পারে শাহরুখ-কারিনার এই গান।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘কিং’ সিনেমার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খানসহ আরও অনেকে।