কারিনা ও দীপিকার কি চুরি করতে চান শহীদ কাপুর

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর তাঁর নতুন সিনেমা 'ব্লাডি ড্যাডি' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ৯ জুন থেকে ওটিটি প্লাটফর্ম জিও স্টুডিওতে স্ট্রিমিং হবে সিনেমাটি। তাই বর্তমানে প্রচারের কাজে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন শহীদ।


সম্প্রতি ছবির প্রচারে একটি সাক্ষাত্কার অনুষ্ঠানে মজার কিছু প্রশ্নের উত্তর এবং ভবিষ্যৎ কাজ নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেতা। শহীদকে জিজ্ঞেস করা হয়, তাঁর এক সময়ের কো-স্টার কারিনা কাপুর এবং দীপিকা পাড়ুকোনের কাছ থেকে কী চুরি করতে বা নিতে চান তিনি। এ প্রশ্নের জবাবে শহীদ বলেন, কারিনা কাপুরের বরাবরই সুপারস্টারসুলভ গুণ ছিল, এমনকি প্রথম ছবি থেকেই। এটি তাঁর বিশেষ গুণ। তাই তিনি কারিনার কাছ থেকে এটি নিতে চান।

আর দীপিকা পাড়ুকোন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, শহীদ কাপুর বলেন, অবশ্যই দীপিকার চোখ। তাঁর চোখজোড়া বড়, সুন্দর এবং অভিব্যক্তিপূর্ণ। এটা একজন অভিনয়শিল্পীর জন্য সত্যিই দারুণ।

বলিউড বাবলের ওই সাক্ষাত্কারে শহীদ কাপুরকে দক্ষিণের তারকাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যাদের সাথে তিনি কাজ করতে চান। অ্যাকশন চলচ্চিত্রের জন্য অভিনেতা বেছে নেন ফাহাদ ফাসিল, কমল হাসান এবং পৃথ্বীরাজ সুকুমারনকে। আর নারী অভিনয়শিল্পীদের মধ্যে সামান্থা রুথ প্রভু ও রাশ্মিকা মান্দানার সাথে কাজ করতে আগ্রহের কথা জানান। আনুশকা শেঠি একজন দুর্দান্ত অভিনেত্রী উল্লেখ করে, সুযোগ পেলে তাঁর সাথে অভিনয়ের ইচ্ছের কথা জানান শহীদ।

একই সাক্ষাত্কারে শহীদ কাপুরকে কিছু নেতৃস্থানীয় বলিউড অভিনেতাদের ' ব্লাডি' ব্যবহার করে বিশেষণ দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে সালমান খানকে ‌'ব্লাডি সুপার ডুপার স্টার' বলেন শহীদ। আর শাহরুখ খান, হৃতিক রোশন, অক্ষয় কুমার ও রণবীর কাপুরকে 'ব্লাডি সুপারস্টার' বলে বর্ণনা করেন।