প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের পূজায় বিগত ৫০ বছরের প্রথা ভেঙে নতুন নজির গড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। দশেরা উপলক্ষে দিল্লির লালকেল্লায় রাবণ দহনের সূচনা করলেন তিনি। তবে রাবণকে বধের মুহুূর্তে ঠিকমতো তীর চালাতে পারলেন না অভিনেত্রী। মঙ্গলবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েছেন তিনি।
দিল্লির রামলীলা ময়দানে কঙ্গনাকে রাবণ বধের আমন্ত্রণ জানানো হয়েছিল। এই প্রথম কোনো নারী এই দায়িত্ব পান। লাল শাড়ি পরে সেজেগুজে মঞ্চে যান অভিনেত্রী। তাঁর হাতে দেওয়া হয় তীর আর বাণ। তা চালাতেই নাজেহাল অবস্থা। বারবার লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন তিনি। কোনো মতেই বাণটি লাগাতে পারছিলেন না। তবে এই পরিস্থিতি হাসিমুখেই সামাল দেন কঙ্গনা। তীর ছেড়ে মাইক হাতে কণ্ঠে তোলেন ‘জয় শ্রীরাম’ স্লোগান।
কিন্তু তাতে কী! নেটিজেনদের একাংশের মন গলেনি। আবার কেউ কেউ তাঁর সাহসের প্রশংসাও করেছেন। একজন লিখেছেন, ‘বাণ চালাতে ব্যর্থ হওয়ার পরও জয় শ্রীরাম বলার আত্মবিশ্বাসটা একবার দেখুন, এই জন্যই তো উনি (কঙ্গনা) সাহসী কুইন। কোনো স্বাভাবিক মনের মানুষ হলে লজ্জায় লাল হয়ে যেত, কিন্তু উনি সাহসী হওয়ায় তা হননি।’
প্রসঙ্গত, ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে কঙ্গনার নতুন ছবি ‘তেজস’। এতে এয়ারফোর্স কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবি পরিচালনা করেছেন সর্বেশ মিশ্র।