কয়েক সপ্তাহ আগে অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ‘ডিপফেক’ ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ওই আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁর অনুরাগী থেকে বিনোদন জগতের শীর্ষ তারকারাও। সেই তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিজয় দেবেরাকোন্ডা, নাগা চৈতন্যের মতো জনপ্রিয় অভিনেতারাও। সম্প্রতি ওই ভিডিওটির নেপথ্যে থাকা অপরাধীদের ধরার উদ্যোগ নেয় দিল্লি পুলিশ। দায়ের করা হয় এফআইআর।
এবার ওই ভিডিওর সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিহারের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁদের ধারণা, বিহারের ১৯ বছর বয়সী ওই কিশোরই নাকি প্রথম এই ভিডিও সমাজমাধ্যমের পাতায় আপলোড করে শেয়ার করেন। তবে ভিডিওটির শিকড় আরও গভীরে। তাই বিস্তারিত জানতে ওই কিশোরকে আরও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে। খবর ভারতীয় সংবাদসংস্থা পিটিআই-এর।
গত ১০ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় দিল্লি পুলিশের তরফে দায়ের করা হয়েছিল এফআইআর।
ওই ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর ভয় পেয়ে যান রাশমিকা। মানসিক অস্থিরতা কাটিয়ে এক পর্যায়ে এ বিষয়ে মুখ খোলেন তিনি। বললেন, ‘আমার মুখ বসানো যে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়, তা নিয়ে কথা বলতে গিয়েও আমার খারাপ লাগছে। এই ঘটনা আমার কাছে যতটা যন্ত্রণার, ততটাই ভয়েরও। কোনো প্রযুক্তির যে এমন অপব্যবহার হতে পারে, তা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে। বিশেষ করে তাঁদের জন্য, যাঁরা সব সময় ক্যামেরার সামনে থাকেন। আজ আমার পাশে আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা আছেন। কিন্তু স্কুল-কলেজেপড়ুয়া হিসেবে থাকাকালীন এমন ঘটনা ঘটলে আমি পরিস্থিতি সামলাতে পারতাম না। আমাদের সবার উচিত একজোট হয়ে এই বিষয় নিয়ে কথা বলা।’