দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম এবার দেশটির গোয়েন্দা বাহিনীর ফর্দতে। আর্থিক কেলেঙ্কারির মামলায় গোয়েন্দা সংস্থা ইডির প্রশ্নের মুখোমুখি হয়েছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশটির গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী। এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে উঠা আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়ানোয় বিপাকে পড়েছেন এ দক্ষিণী অভিনেত্রী।
জানা গেছে, এইচপিজেড টোকেন এই মোবাইল অ্যাপের হয়ে প্রচার এবং এক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। আর সেই কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তামান্নাকে।
এর আগে চলতি বছরের এপ্রিলে মহারাষ্ট্র সাইবার সেল তলব করেছিল তাকে। কারণটা ছিল ‘ফায়ার প্লে’ অ্যঅপ। এই অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয় হয়েছে ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। মাসিক কোনও টাকা ছাড়া মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্যাপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা তখন প্রচার করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮-এর তরফ থেকেই অভিযোগ আনা হয়।
এই সংস্থার দাবি, ফায়ার প্লে নামে ওই অ্যাপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। যেহেতু আইপিএলের সত্ত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে। সেই কারণেই এই অবৈধ অ্যাপের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম ১৮। যেখানে স্ট্রিমিংয়ের প্রচারে দেখা গিয়েছিল তামান্নাকেও।