চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গোটা বিশ্বের বিবেক জেগে উঠেছিল। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণজাগরণে শেখ হাসিনার পতন ঘটেছিল। দিনটি ছিল ৫ আগস্ট। সেদিন বিশ্বের অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছিল ছাত্র-জনতার বাংলাদেশকে। এই তালিকায় ছিলেন পাকিস্তানি অভিনেত্রী দানানির মবিন। এবার তিনি তাঁর বাংলাদেশি ভক্তদের আবারও স্মরণ করলেন, জানালেন ভালোবাসা।
বর্তমান ইউটিউব ট্রেন্ডে শীর্ষে রয়েছে পাকিস্তানি ওয়েব সিরিজ ‘মিম সে মুহাব্বাত’, যা দেশটির গণ্ডি পেরিয়ে ভারত-বাংলাদেশেও তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। আর সিরিজটির প্রধান ভূমিকায় রয়েছেন এই অভিনেত্রী। তাঁর অভিনয় দক্ষতা ইতিমধ্যে দর্শকনন্দিত।
সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্টোরি শেয়ার করেছেন দানানির। বাংলাদেশের টেলিভিশনে মিম সে মুহাব্বাত নিয়ে প্রচারিত একটি সংবাদ শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সকল বাংলাদেশি ভক্তদের প্রতি অনেক অনেক ভালোবাসা।’
প্রসঙ্গত, দানানির মবিন অভিনীত এই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে প্রেম, ভাগ্য এবং আকস্মিক সাক্ষাতের গল্পে। সকল বয়সের দর্শকের জন্য এটি একটি প্রেমের গল্প।
সিরিজটির মূল চরিত্রে রয়েছেন আহাদ রাজা মীর ও দানানির মবিন। গল্পে দেখা যায়, তাঁরা একে অপরের থেকে খুব আলাদা, কিন্তু ভাগ্য তাঁদের একত্রিত করেছে। এমন গল্পে দু’জনের রসায়ন মন জয় করে নিয়েছে দর্শকদের।