ভাল্লুকের আক্রমণে আহত পাকিস্তানি গায়িকা

হিমালয়ের ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরতুলাইন বালুচ। ৪ সেপ্টেম্বর রাতে দেশটির গিলগিট-বালতিস্তানের দিওসাই ন্যাশনাল পার্কে এই ঘটনা ঘটে। 

একটি গানের চিত্রগ্রহণের জন্য কিউবি নামে পরিচিত এ গায়িকা তাঁর দুই সহযোগীকে নিয়ে বারা পানি এলাকায় ক্যাম্পিং করছিলেন। রাতের আঁধারেই হঠাৎ হিমালয়ের ভাল্লুকটি তাঁকে আক্রমণ করে এবং উভয় হাতে কামড় ও নখের আঁচড় দেয়। তবে সঙ্গে থাকা ক্যামেরাম্যান ও অপর সহযোগী অক্ষত ছিলেন বলে জানিয়েছেন গিলগিট-বালতিস্তান পুলিশের মুখপাত্র গুলাম মুহাম্মদ। 

আহত গায়িকা কিউবির চিৎকার শুনে ভাল্লুকটি পিছিয়ে যায়। বন বিভাগের কর্মীরা দ্রুত ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে তাকে স্কারদুর আরএইচকিউ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত।

আহত কিউবি। ছবি: সংগৃহীতএ ঘটনার পর দিওসাই ন্যাশনাল পার্কে রাতের ক্যাম্পিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার। জিবি সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেছেন—‘ভবিষ্যতে কোনো পর্যটক বা ভ্রমণকারী রাতের বেলায় পার্কে ক্যাম্পিং করতে পারবেন না। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।’

দিওসাই অঞ্চলে বিরল প্রজাতির ব্রাউন ভাল্লুকের বাস এবং খাদ্যের সন্ধানে এরা প্রায়ই বারা পানি এলাকায় চলে আসে।